প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
পাথরঘাটায় অটোরিকশা থামিয়ে ছিনতাই: চক্রের সদস্য গ্রেপ্তার

ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ, পলাতক দুই সহযোগীকে ধরতে অভিযান
পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি
নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটায় অটোরিকশা যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে মনির হোসেন (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটার ১৬ নম্বর সতিশ বাবুর লেইনে মজিবুর রহমানের ষষ্ঠ তলা ভবনের সামনে সড়কে এক অটোরিকশা যাত্রীর গতিরোধ করে তিনজন ছিনতাইকারী। পরে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে রোববার রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ঘটনায় জড়িত আরও দুই সহযোগীর নাম-ঠিকানা জানিয়েছেন বলে দাবি পুলিশের।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-৩৮, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪